নিহত ৩ পুলিশ সদস্যের পরিবারকে অর্থসাহায্য
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির দিন নিহত তিন পুলিশ সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনা নিহত তিন পুলিশ সদস্যের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান, নায়েক ফিরোজ খান ও কনস্টেবল মো. জাকারিয়ার পরিবারের সদস্যদের দশ লাখ টাকা করে সহায়তা করেছেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন নিহতদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী পুলিশ বিভাগে চাকরি দেয়া হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
