২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রি জি নিলামে অপারেটররা প্রস্তুত, তবে...

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রি-জি) তরঙ্গ নিলামে অংশ গ্রহণে প্রস্তুতি নিলেও বিনিয়োগের নিশ্চয়তা ও স্বচ্ছতা চেয়েছে মোবাইল ফোন অপারেটররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 04:41 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

আগামী ২ সেপ্টেম্বর নিলামের আগেই আদালতের মামলা ও অন্যান্য ইস্যুগুলোর সমাধানও আশা করেন গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তারা শনিবার ওয়েস্টিন হোটেলে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ) আয়োজিত এক সেমিনারে থ্রি জি নিলামের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।  

‘টেলিকম পলিসি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক এ সেমিনারে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ বলেন, এ খাতে বিনিয়োগের অনিশ্চয়তা, ভ্যাট ও ট্যাক্স ইস্যুগুলো থ্রি জি নিলামের আগেই সুরাহা করা উচিত।

বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, “থ্রি জির জন্য বিনিয়োগে আমরা প্রস্তুত তবে এ বিনিয়োগের নিশ্চয়তায় অমীমাংসিত ইস্যুগুলোর বিষয়ে একটি সমাধানে আসতে হবে।”

রবির সিইও মাইকেল কুন্যার বলেন, থ্রি জি নিলামের জন্য প্রস্তুত থাকলেও অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও নিশ্চয়তার ওপর।

থ্রি জি নিলামের আগেই লাইসেন্সের ওপর মূল্যে সংযোজন কর বা ভ্যাট কমানো, টু-জি লাইসেন্স ভ্যাট ইস্যু নিয়ে আদালতের সমস্যা সামাধানে মোবাইল ফোন অপারেটরা বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছে।

সম্প্রতি থ্রি জি তরঙ্গ নিলামের সময় দ্বিতীয় দফা পিছিয়ে দুই সেপ্টেম্বর নির্ধারণ করেছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সেমিনারে বিটিআরসি চেয়াম্যান সুনীল কান্তি বোস বলেন, অপারেটরদের সঙ্গে কয়েকটি বিষয়ে আদালতে মামলা চলছে, মূলত মূল্যে সংযোজন কর রিবেট পাওয়া সংক্রান্ত মামলায় আদালত যা সিদ্ধান্ত দেবে, তাই মেনে নিতে হবে।

আগামী ২ বছরের মধ্যে টেলিকম খাতের জন্য একটি ‘রোড ম্যাপ’ তৈরি হবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এখানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকবে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, টেলিকম খাতে কর, ভ্যাট কমানো উচিত এবং সিম ট্যাক্স শূন্যে নামিয়ে আনা উচিত।   

ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক বলেন, চলতি বছরের শেষের দিকে নতুন টেলিকম পলিসি তৈরী শেষ করা হবে।

সেমিনার উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, সচিব নজরুল ইসলাম খান এতে উপস্থিত ছিলেন।