সিটি নির্বাচনে জয়ে যুক্তরাষ্ট্রে বিএনপির উল্লাস
চার সিটি কর্পোরেশনে বিরোধী দল সমর্থিত প্রার্থীদের জয়ে উল্লাস প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি সমর্থকরা।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল দেখে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি, জাসাস, ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হন নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সেখানে তারা উল্লাস করেন।
তারা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে মহাজোট সরকারের বিরুদ্ধে জনগণের স্পষ্ট রায় প্রকাশিত হয়েছে।
“এই বিজয়ের মাধ্যমেই তারেক রহমানের বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তনের পথ সুগম হলো, “ বলেন তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল।
বিএনপি নেতা শাহ আলম, গিয়াস আহমেদ, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নির্বাহী সদস্য কাজী আজম, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা এবং সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান সেখানে ছিলেন।
বিএনপি সমর্থকরা ফ্লোরিডার মিয়ামিতে, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলসে, মিসিগানের ডেট্রয়েটে, নিউ জার্সির প্যাটারসন ও আটলান্টিক সিটি, ম্যাসাচুসেটসের বস্টন, ওয়াশিংটনের ভার্জিনিয়া, ইলিনয়ের শিকাগো এবং টেক্সাসের হিউস্টন সিটিতে মিষ্টি বিতরণও করে।
