২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বিজয় রাজনৈতিক: কামাল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নিজের বিজয়কে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন আহসান হাবিব কামাল।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

নির্বাচনে ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল ঘোষণার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

কামাল তার প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী মহাজোটের শওকত হোসেন হিরনের চেয়ে ১৭ হাজারেরও বেশি ভোটে জিতেছেন।

আহসান হাবিব কামাল বলেন, “এটা স্থানীয় নির্বাচন বটে। এ শহরে বিএনপির প্রভাব বেশি। তারপরও দেশের সামগ্রিক পরিস্থিতি এ নির্বাচনের বাইরে নয়। আমি রাজনৈতিক কারণেই বিজয়ী হয়েছি।”

নগরপিতা হয়ে হিরনের কাছে কোনো ধরনের সহযোগিতা চাইবেন কিনা জানতে চাইলে জেলা বিএনপির এ সভাপতি বলেন, “প্রশ্নই আসে না। তিনি কি ডাক্তার না ইঞ্জিনিয়ার যে তার কাছে সহযোগিতা চাইতে হবে।”

ভোট ‘সুষ্ঠু হলে’ আরো বেশি ভোটে বিজয়ী হতেন বলে মন্তব্য করেন কামাল।

তিনি জানান, মেয়র হয়ে প্রথমেই ‘মাস্টারপ্ল্যান’ করে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার দিকে নজর দেবেন।

নগরীর ১০০টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭৫১ ভোট। আর মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭৪১ ভোট।

বেসরকারি ফলাফল ঘোষণার পর পর রিটানিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর বিভিন্ন স্থানে ১৮ দলের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পেড়েন।

একটি কেন্দ্রে প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ছাড়া বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই বিকাল ৪টায় এই সিটির ভোটগ্রহণ শেষ হয়। এদিন খুলনা, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

জনগণ চার সিটি কর্পোরেশনে ভোটের মাধ্যমে ‘নিরব বিপ্লব’ ঘটিয়েছে মন্তব্য করে নেতা-কর্মী-সমর্থকদের ‘ধৈর্য্য ধরার’ আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বরিশালের ৩০টি ওয়ার্ডের ১০০টি কেন্দ্রে ভোটার ছিলেন ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ২৯৯টি। অর্থাৎ, ভোট পড়ার হার ৭২ দশমিক ১ শতাংশ।

পুরনো খবর:

বরিশালে কামাল বিজয়ী