২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর জয় নিয়ে আশাবাদী রিমি ও সিমি

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজের স্বামীর জয়ের ব্যাপারে  আশাবাদী প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর স্ত্রী, যারা দুজনই জোর চেষ্টা চালিয়েছেন স্বামীর পক্ষে ভোটারের মন জয়ের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:58 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে লড়ছেন সদ্য বিদায়ী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আর বিরোধী দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

দুজনের বাসাও পাশাপাশি, সকালে কাছাকাছি সময়ে একই কেন্দ্রে ভোট দেন তারা। ভোটের পর কোলাকুলিও করতে দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বীকে।

এ সময় দুজনের সঙ্গেই তাদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সকাল ৯টার দিকে স্যাটেলাইট টাউন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বুলবুলের স্ত্রী রেবেকা আক্তার সিমি।

এরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বামীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে মনে হয়েছে, বুলবুলই জিতবে।আমিই হবো নগরীর আগামী দিনের ফার্স্ট লেডি।”

অন্যদিকে, সাবেক মেয়র লিটনের স্ত্রী রেহেনা আক্তার রিমিও স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী।

একই কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিমি বলেন, তার স্বামীর জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

তবে নির্বাচনী ফল যা-ই হোক বুলবুলের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন লিটনপত্নী।

“আমরা একে অপরের প্রতিবেশি। সুখে-দুঃখে পরস্পর পাশাপাশি থাকি। যে-ই মেয়র নির্বাচিত হোক না কেন আমরা ভালো প্রতিবেশি হিসেবেই থাকবো।”, বলেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা শুরুর পর থেকে প্রধান দুই মেয়র প্রার্থীর পাশাপাশি তাদের স্ত্রীরাও প্রচারণায় অংশ নেন। রিমি-সিমির এই নির্বাচনী প্রচারণা অনেকেরই নজরে পড়ে।