হিরন-কামালের সামনেই মারামারি
দুই মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির পর বরিশালের একটি কেন্দ্রের ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত শওকত হোসেন হিরন এবং বিএনপি সমর্থিত আহসান হাবিব কামালের উপস্থিতিতেই শনিবার দুপুরে মারামারি হয়।
পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল কবির দুপুর ১টা ৪২ মিনিটে ভোট গ্রহণ স্থগিত করে দেন।
আশরাফুল কবির সাংবাদিকদের বলেন, “দুই মেয়র প্রার্থীর উপস্থিতিতে কেন্দ্র চত্বরের মধ্যেই তাদের সমর্থকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমি ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছি।”
এক ঘণ্টা পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
কামালের নির্বাচনী সমন্বয়কারী ও সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, হিরন সমর্থকদের হামলায় সাবেক এমপি আবুল হোসেন ও বিএনপি নেতা মাহমুদ নজরুল আহত হয়েছেন।
আবুল হোসেনের বাঁ দিকে গাল থেকে রক্ত ঝরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মজিবর দাবি করেন, হিরনই আবুল হোসেনকে ঘুষি মেরেছেন।
হিরনের নির্বাচনের নির্বাচন সমন্বয়কারী বলরাম পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামালের পক্ষের একজন ভুয়া পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রের ভেতরে ঢুকে আনারস (কামালের প্রতীক) প্রতীকে ভোট দিতে চাপ দিচ্ছিলো।
এর প্রতিবাদ জানালে তর্কাতর্কি থেকে হাতাহাতি হয় বলে জানান তিনি।
হিরনের বিরুদ্ধে অভিযোগ নাকচ করে বিএম কলেজের সাবেক ভিপি বলরাম বলেন, হাতাহাতি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো।
এদিকে বিকালে ২৭ নম্বর ওয়ার্ডে জাল ভোট দেয়ার সময় শিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহবুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
