জনগণের রায় মেনে নেবো: কামরান
নির্বাচনে জয়ের প্রত্যাশা করলেও জনগণের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন সিলেটে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।
শনিবার সকাল ৯টায় সিলেটের কালীঘাট এলাকার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিদায়ী মেয়র।
ভোটের পর কামরান সাংবাদিকদের বলেন, “সিলেটের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি সবসময় তাদের পাশে থেকেছি, থাকার চেষ্টা করেছি। সেই সুবাদে আমি আমার বিজয়ে আশাবাদী।”
“আমি জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি মাথা পেতে নেবো,” বলেন প্রায় দুই দশক ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা এই আওয়ামী লীগ নেতা।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কামরান বলেন, “সিলেটের মানুষ শান্তিপ্রিয়। এ পর্যন্ত সিলেটে যতগুলো নির্বাচন হয়েছে, কোনেটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করি, এবারো তার ব্যতিক্রম হবে না।”
তিনি দাবি করেন, সকাল থেকে তিনি যতগুলো কেন্দ্রে গেছেন, সবগুলোতে শান্তিপূর্ণ ভোট চলতে দেখেছেন।
তবে কামরানের মূল প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করছেন, তার জয় ছিনিয়ে নেয়ার চক্রান্ত চলছে।
সিলেটে মেয়র পদে ১৮ দলীয় জোটের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন।
ক্ষমতাসীন মহাজোটের সমর্থন নিয়ে নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের প্রতীক আনারস।
মেয়র পদে বাকি প্রার্থী ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।
সাধারণ ওয়ার্ডে ১৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকতা এস এম এজহারুল হক এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
