বাংলাদেশি নিহতের ঘটনায় ৪ বিএসএফ বরখাস্ত
যশোরের শার্শায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই চারজন হলেন- হেড কনস্টেবল ওয়াই এন বাট, সহকারী উপ পরিদর্শক নারায়ণ সিংহ, কনস্টেবল প্রসেনজিৎ দাস ও মোহাম্মদ আইয়ুব আলী।
অবশ্য রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বিএসএফ সদরদপ্তর থেকে তাদের জানানো হয়েছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী চোরাকারবারীদের কাছ থেকে গরু আনতে পুটখালি সীমান্ত পার হয়ে আংরাইলে প্রবেশ করার সময় বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারীরা সংঘর্ষে জড়ালে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হন।
পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, নিহতদের মধ্যে বেনাপোলের শিবনাথপুর গ্রামের হাবিবুর রহমানের (৩০) বুকে এবং বসতপুর কলোনীর ফারুক হোসেনের (৩৫) মাথায় গুলি লাগে।
বিএসএফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনার তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি করা হয়েছে। একজন জ্যেষ্ঠ কমান্ডেন্ট এর নেতৃত্বে আছেন।
পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফ সদস্যদের হরহামেশা গুলি চালানো বন্ধের কড়া নির্দেশও দেয়া হয়েছে দিল্লির সদর দপ্তর থেকে।
“আমাদের মহাপরিচলক বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন”, বলেন ওই কর্মকর্তা।
তিনি জানান, সাময়িক বরখাস্ত চারজনের মধ্যে দুজন প্রাথমিক তদন্তে বলেছেন, প্রায় দেড়শ চোরাকারবারীর হামলার মুখে সেদিন তারা গুলি চালাতে বাধ্য হন।
“হেড কনস্টেবেল বাট তদন্তকারীদের বলেছেন, ‘আমাদের একজন সৈনিককে তারা প্রায় খুন করে ফেলেছিল। গুলি করা ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না’।”
বাট দাবি করেছেন, সম্প্রতি ভারত সরকার বিএসএফকে যে পাম্প অ্যাকশন গান (প্রাণঘাতী নয় এমন অস্ত্র) দিয়েছে তা দিয়েই চোরা কারবারীদের ঠেকানোর চেষ্টা করেছিলেন তারা। কিন্তু এক পর্যায়ে চোরাকারবারীরা বলে ওঠে সেগুলো ‘নকল বন্দুক’। এরপর বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায় তারা।
সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতি বছর এক হাজার কোটি টাকার গরু পাচার হয়। আর এতে লাভের অংকটি লোভনীয় হওয়ায় মাঝে মধ্যেই সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চোরাকারবারীরা।
