‘সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচন’
চার সিটি কর্পোরেশনে সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সর্বশেষ পর্যালোচনায় জানানো হয়, রাজশাহী-সিলেটে ককটেল ব্যবহার করে নাশকতা ও বরিশালে মারামারির আশঙ্কা থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে নির্বাচন বানচাল ও কারচুপি হতে পারে- এমন কোনো আশঙ্কার কথা নির্বাচন কমিশনকে জানায়নি আইন শৃঙ্খলাবাহিনী।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বশেষ বুধবার কমিশনের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকতারা। চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজের উপস্থিতে ওই বৈঠকের কার্যপত্রেই বিষয়গুলো উঠে আসে।
নির্বাচনের আগে কোথাও বড় ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটলেও বেশ কিছু অভিযোগ পাল্টা অভিযোগের পর ‘উতকণ্ঠায়’ পড়ে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠক হয় বলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম জানান।
পুলিশের উপ মহা পরিদর্শক (বিশেষ শাখা) মোশারফ হোসেন ভূঞা ওই বৈঠকে বলেন, “নির্বাচনী পরিবেশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত নির্বাচন বানচাল বা কারচুপির চেষ্টা হতে পারে-এমন কোনো তথ্য পাওয়া যায়নি।”
তবে সিলেট ও রাজশাহীতে ককটেল ব্যবহার হতে পারে ও বরিশালে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মারামারি ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দা তথ্য থাকার কথা জানান তিনি।
নির্বাচনের পর বিজয় মিছিল বন্ধের বিষয়টি নিশ্চিত করারও সুপারিশ করেন তিনি।
এনএসআইয়ের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর আহমেদ সভায় বলেন, “সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্ভব। তবে নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
সন্ত্রাসীরা কোনো দলের নয়, অর্থের বিনিময়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসীরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করবে। ভোটের দিনের আগেই তাদের গ্রেপ্তার করতে হবে।”
খুলনার প্রার্থীদের মধ্যে কারো কারো সঙ্গে সর্বহারাদের সম্পৃক্ততার বিষয়ে নজর দেয়ার আহ্বান জানান এনএসআই কর্মকর্তা।
ডিজিএফআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আকবর জানান, ‘অর্গানাইজড ক্রাইম’ বা নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার মতো কোনো চেষ্টার আলামত এখন পর্যন্ত তারা পাননি।
“প্রার্থীদের সঙ্গে রাজনৈতিক দলের এবং কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাসীদের যোগাযোগ থাকায় সিলেট ও খুলনায় ঝামেলার চেষ্টা হতে পারে। রাজশাহীতে ছাত্রশিবিরের কিছু লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে।”
কোন কোন এলাকায় শিবিরের সন্ত্রাসীরা এ ধরনের চেষ্টা চালাতে পারে তা চিহ্নিত করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, সদরদপ্তর থেকে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। বিশেষ অভিযান চলছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে।
ভোটের দুই দিন আগে থেকেই প্রতিটি এলাকায় টহল শুরুর কথা জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারবে বিজিবি।
“ভোটারদের আশ্বস্ত করতে বিজিবির উপস্থিতি দৃশ্যমান করা হবে।”
আনসার ভিডিপির উপ মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান পরামর্শ দেন, নির্বাচনের এই স্পর্শকাতর সময়ে দায়িত্ব পালনে কেউ যাতে ‘ওভার রিএ্যাক্ট’ না করে।
সুন্দরবন এলাকার লুকিয়ে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা কয়রা ও দাকোপ এলাকা দিয়ে শহরে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালায় জানিয়ে কোস্টগার্ডের উপ মহাপরিচালক কমোডর রাজীব বলেন, “এই সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।”
সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কান্তি বৈদ্য।
প্রতিদিনই নির্বাচনী এলাকার তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, কাউন্সিলর প্রার্থীদের ভোটের ব্যবধান খুব কম হয় বলে ফল ঘোষণার পর সংঘর্ষ ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, “চার সিটি নির্বাচনকে রাজনৈতিক দলগুলো প্রেস্টিজ ইস্যু হিসেবে দেখছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি ভাল। উদ্বেগের মতো কিছু নেই।”
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, “এ নির্বাচন যদিও নির্দলীয়, তবু বড় দলগুলো সমর্থন রয়েছে প্রার্থীদের। বিষয়টি মাথায় রাখতে হবে। সব এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করতে হবে। প্রয়োজনে ডিটেনশন দিতে হবে। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।”
যতদূর সম্ভব ‘কম শক্তি প্রয়োগ করে’ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট চলবে চার নগরীতে। ইতোমধ্যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।
এবার আইন শৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রে এবং স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত থাকছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, প্রতিটি ভোটকেন্দ্রে ২২ থেকে ২৪ জন করে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার; মোট ১১৮টি মোবাইল ফোর্স; ৪০টি স্ট্রাইকিং ফোর্স; র্যাবের ৬০টি টিম, ২১ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন কোস্টগার্ড সদস্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবে।
৯১ জন নির্বাহী হাকিম ও ২৭ জন বিচারিক হাকিম মোবাইল ও স্টাইকিং ফোর্সের নেতৃত্বে দেবেন।
ইসির নিজস্ব পর্যবেক্ষকরাও প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন। সার্বিক নিরাপত্তা বিধানে সব আইন শৃঙ্খলা বাহিনীর তদারকির দায়িত্বে থাকবেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
বর্তমান সরকারের মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা বাহিনী চেয়েও সাড়া পায়নি বিগত নির্বাচন কমিশন। বিএনপি এবারও সেনা মোতায়েনের দাবি তুললেও সিইসি কাজী রকিব বলে আসছেন, ‘তেমন পরিস্থিতি’ এখানো তৈরি হয়নি।
