শ্বশুরবাড়িতে গৃহবধূ ‘খুন’, শাশুড়ি আটক
জামালপুর শহরে এক গুহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার পুলিশ বজ্রাপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে এক সন্তানের জননী খালেদা খাতুনের (২৩) লাশ উদ্ধার করে।
খালেদাকে হত্যার অভিযোগে তার শাশুড়ি সমলা বেগমকে (৫৫) পুলিশ আটক করেছে।
স্বজনদের বরাত দিয়ে জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, অটোরিকশা চালক মো. সেলিমের সঙ্গে খালেদার প্রায়ই ঝগড়াবিবাদ হতো।
এর জেরে বৃহস্পতিবার গভীর রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন খালেদাকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার পর থেকে খালেদার স্বামী সেলিম পলাতক রয়েছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
খালেদা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মন্ডল সেন গ্রামের আমির উদ্দিনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
তাদের ১৪ মাস বয়সের একটি ছেলে রয়েছে।
খালেদার বড় ভাই আব্দুস সালামের অভিযোগ, বিয়ের পর মাঝেমধ্যে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য খালেদাকে মারধর করত সেলিম।
