২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট সুষ্ঠু হবে না, আশঙ্কা কামালের

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা আহসান হাবিব কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

ভোটের আগের দিন শুক্রবার নগরীর সদর রোডে টাউন হলে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আহসান হাবিব কামাল উপস্থিত থাকলেও তার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবাদুল হক চান।

এবাদুল হক সাংবাদিকদের বলেন, “বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রগুলোর পোলিং এজেন্ট ও সমর্থকদের হয়রানি করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এজেন্টরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে দিচ্ছে।”

বরিশালে নির্বাচন সুষ্টু, নিরপেক্ষ ও নিরাপদে অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান এবাদুল।

তিনি বলেন, ভোলার আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন তার দলবলসহ বরিশাল শহরে অবস্থান করছে।

এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের বিরুদ্ধে ভোটারদেরকে টাকা দেয়ার অভিযোগ করেন তিনি।

কামালের এই সহযোগী বলেন, হিরনের লোকজন বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদেরকে টাকা দিচ্ছে। আর সাদা পোশাকের পুলিশ তাদের সহযোগিতা করছে।

এবিষয়ে রিটার্নিং অফিসারের কাছে কোনো অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে এবাদুল হক বলেন, সংবাদ সম্মেলনের পর এবিষয়ে লিখিত অভিযোগ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর পুলিশের উপ-কমশিনার শোয়েব আহমেদ বলেন, “কেউ এ রকম কোনো অভিযোগ করেননি। পরিস্থিতি সব স্বাভাবিক আছে।”