২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনের পক্ষে সাফাই সাক্ষ্য শুরু ১৭ জুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ১৭ জুন সাফাই সাক্ষ্য নেয়া শুরু করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

Image
File Photo

File Photo

একই সঙ্গে আসামি পক্ষে জমা দেয়া তালিকায় প্রদত্ত সাফাই সাক্ষীর সংখ্যা সহস্রাধিক থেকে কমিয়ে আসামিসহ সর্বমোট পাঁচজনকে উপস্থাপন করতে বলেছে আদালত।

বৃহস্পতিবার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য শেষে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

এছাড়া সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরুর আগেই সাক্ষীদের তালিকা আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এদিন প্রসিকিউশনের ৪১তম সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নুরুল ইসলামকে জেরা করা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা।

২৬ মে নূরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সালাহউদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত ১৪ মে। এর আগে রাষ্ট্রপক্ষের ৪০ জন সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়।

জেরা শেষে আসামি পক্ষের সাক্ষীর তালিকা বাতিল করার জন্য আদালতে আবেদন জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম, যে তালিকায় হাইকোর্টের বিচারপতি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদসহ এক হাজার ১৫৩ জনের নাম ছিলো।

শুনানির আবেদনে জেয়াদ বলেন, সাফাই সাক্ষীদের তালিকায় নামের পাশাপাশি কোন অভিযোগের সাফাইয়ে তারা সাক্ষ্য দেবে তা উল্লেখও করার বিধান থাকলেও আসামি পক্ষের তালিকায় কোনো সাক্ষীর ক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়নি।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান এটিএম ফজলে কবীর বলেন, প্রসিকিউশনের এ আবেদনটি ‘মডিফাইড’ আকারে গ্রহণ করা হলো। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবসহ পাঁচজন সাফাই সাক্ষ্য দিতে পারবে।

এসময় কাঠগড়ায় বসে থাকা সালাউদ্দিন বলেন, মাই লর্ড তাদের সাক্ষীর সংখ্যাটা একটু দেখবেন। তারা সাক্ষ দিয়েছে ৪১ জন, আমার সাক্ষী মাত্র পাঁচজন হবে?

জবাবে বিচারপতি ফজলে কবীর বলেন, “আমরা সবদিক বিবেচনা করেই এ আদেশ দিয়েছি।”

তিনি বলেন, মামলার অভিযোগগুলো প্রমাণ করার শতভাগ দায়িত্ব প্রসিকিউশনের। অভিযোগ ‘ডিসপ্রুভ’ করার দায়িত্ব প্রসিকিউশনের না। কোনো অ্যালিবাই (alibi) বা আপনাদের কোনো কিছু জানা থাকলে তা উপস্থাপন করবেন।

গতবছর ৪ এপ্রিল সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৭২টি ঘটনায় ২৩টি ধরণের অপরাধের অভিযোগ গঠন করা হয়।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দিয়েছেন- বাংলা একাডেমীর সভাপতি শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, চট্টগ্রামের ব্যবসায়ী সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (সিরু বাঙালি), নুতন চন্দ্র সিংহের ভাতিজা গৌরাঙ্গ সিংহ ও পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহ, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র শর্মা, আব্বাস উদ্দিন আহম্মেদ (আব্বাস চেয়ারম্যান), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য মো. সালেহ উদ্দিন, ব্যবসায়ী পরাগ ধর (ক্যামেরা ট্রায়াল), মুক্তিযোদ্ধা কাজী নূরুল আফসার, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোহাম্মদ মাহবুবুল আলম,  অরুণাংশু বিমল চৌধুরী ও তার ভাতিজা আশীষ চৌধুরী, অধ্যক্ষ গোপাল চন্দ্র দাশ, সাংবাদিক নিজাম উদ্দীন আহমেদ, ফয়েজ আহমেদ সিদ্দিকী, একজন ক্ষতিগ্রস্ত নারী সাক্ষী (ক্যামেরা ট্রায়াল), শহীদ পরিবারের সদস্য দেবব্রত সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সংগীত শিল্পী সৈয়দ ওয়াহিদুল আলম জুনু, শহীদ পরিবারের সদস্য শেখ মোরশেদ আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, শহীদ পরিবারের সদস্য অনিল বরণ ধর, মুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, শহীদ পরিবারের সদস্য বাবুল চক্রবর্তী বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, মো. সোলায়মান, ডা. এ কে এম শফিউল্লাহ, শহীদ পুত্র পরিতোষ কুমার পালিত, শহীদ পরিবারের সদস্য সুবল চন্দ্র শর্মা, শহীদ পরিবারের সদস্য মো. নাজিম উদ্দিন, শহীদ পরিবারের সদস্য সুজিত মহাজন, শহীদের স্ত্রী বাসন্তি ঘোষ, মাহমুদ আলী, বিজয় কৃষ্ণ চৌধুরী, কামাল উদ্দিন এবং শহীদ পরিবারের সদস্য চপলা রাণী।

আর জব্দ তালিকার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে সাক্ষ্য দিয়েছেন- বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া, চট্টগ্রামের রাউজান থানার জিআরও এএসআই মো. এরশাদুল হক, সাবেক জিআরও এসআই মোল্লা আব্দুল হাই ও চট্টগ্রামের গণগ্রন্থাগারের বুক সর্টার কাওসার শেখ।

এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া মৃত জ্যোৎস্না পাল চৌধুরী, মৃত জানতি বালা চৌধুরী ও মৃত আবুল বশর ও ভারতে থাকা বাদল বিশ্বাসের জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

২০১০ সালের ২৬ জুন হরতালের আগের দিন রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সালিউদ্দিনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। ওই বছর ১৬ ডিসেম্বর ভোরে বনানীর এক বাসা থেকে তাকে আটক করে ১৯ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় বিএনপির এ নেতাকে।