ক্যান্সারে ‘বিদ্রোহী’ বিডিআরের মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত এক সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত মাহবুবুল আলম (৩৭) ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় উপ-কারধ্যক্ষ নূর মোহাম্মদ সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিডিআর বিদ্রোহ মামলায় ২০০৯ সালের ২০ মে থেকে কারাগারে বন্দি ছিলেন মাহবুব।
ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় কারাবিধি অনুযায়ী তাকে মুক্তি দেয়ার জন্য গত ১৩ মার্চ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিলো।
গত ২৮ এপ্রিল মন্ত্রণালয় তা নাকচ করে কারাগারে চিঠি দেয়।
সোহেল বলেন, “মাহবুবুল দুই মাস আট দিন ধরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
সন্ধ্যায় স্ত্রীর কাছে মাহবুবুলের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
