হল-মার্ক কারসাজি: সবার শাস্তি নিয়ে সন্দিহান মুহিত
হল-মার্ককে অনিয়মের সুযোগ করে দেয়া ব্যক্তিদের শাস্তির আওতায় আনার বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জড়িতদের সকলের শাস্তি হবে কি না- তা জানি না। তবে হল-মার্কের মালিকের হয়তো শাস্তি হবে, ব্যাংকেরও কারো কারো নাম এফআইআরে এসেছে। কিন্তু যারা এই চুরির সুযোগ করে দিয়েছে তাদের কী হবে তা আমি জানি না।”
এর কারণ হিসেবে মুহিত বলেন, “শাস্তি নির্ভর করে সাক্ষ্য প্রমাণ পাওয়ার ওপর।”
গত বছরের ৩১ মে পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে হল-মার্ক গ্রুপ ২ হাজার ৯৬৪ কোটি ৪৪ লাখ টাকা হাতিয়ে নেয়।
এরমধ্যে এলসি বাতিল, অভ্যন্তরীণ বিল পার্চেজ (আইবিপি) সমন্বয় ও সামান্য নগদ আদায়ের মাধ্যমে ৪০৫ কোটি টাকা আদায় করেছে সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের লভ্যাংশ হস্তান্তর শীর্ষক ওই অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, “বাংলাদেশে কয়টি বড় দুর্নীতির শাস্তি হয়েছে, যা হয়েছে তা হাতেগোণা। তাও মার্শাল ল’র (সামরিক শাসন) সময়। তাছাড়া বড় বড় দুর্নীতির শাস্তি হয়নি।”
হল-মার্কের ওই জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন গ্রুপের চেয়ারম্যান ও এমডি এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি, শাখা ব্যবস্থাপক ডিজিএমসহ ২৬ জনকে আসামি করে বেশ কয়েকটি মামলা করেছে।
এরই মধ্যে এসব মামলায় হলমার্কের চেয়ারম্যান, এমডি, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ কয়েকজন কারাগারে রয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, “হলমার্কের ঘটনার সঙ্গে ব্যাংকের ম্যানেজমেন্ট, সুপারভিশন সবাই জড়িত। জালিয়াতি সবসময়ই হয়। কিন্তু বড় ধরনের জালিয়াতি হলে প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে। বাংলাদেশে এ ধরনের ঝুঁকি অন্যভাবেও এসেছে।”
