২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওয়ার্ডে-ওয়ার্ডে দু’দলের পাশাপাশি মিছিল

নির্বাচনী প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর সমর্থকরা ছোট ছোট মিছিল করেছে।

বরিশাল প্রতিনিধি

কাওসার হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:47 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

এসব মিছিল পাশাপাশি হলেও কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির দেখা যায়নি।

মহাজোটের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন ও ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল শেষ মুহূর্তের এসব প্রচার মিছিলে অংশ না নিলেও তারা ব্যস্ত থেকেছেন নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে।

বৃহস্পতিবার রাত ৮টায় শওকত হোসেন হিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চার বছর সাত মাস মেয়র হিসাবে নগরীর উন্নয়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। বিগত ২৫ দিন ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছি। মানুষ সাড়া দিয়েছে।”

আবারো জয়লাভ করবেন বলেই আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা।

রাত সোয়া ৯টার দিকে বিএনপি নেতা আহসান হাবিব কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষ পরিবর্তন চায়, সেটাই তাকে জানিয়েছে। ফলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ফলাফল ছিনতাই হতে পারে।”

তাই মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ তিন থানার ওসির বদলি ও নির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবি জানান মেয়র প্রার্থী কামাল।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত প্রচার-প্রচারণার অংশ হিসাবে বিকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং হয়েছে। দিনভর চলেছে প্রার্থী ও তাদের সমর্থকদের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা।

কিন্তু সন্ধ্যার মাগরিবের নামাজের পরই পাল্টে যেতে থাকে নগরীর চিত্র। শুরু হয় ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল। এ সময় বরিশাল যেন মিছিলের নগরীতে পরিণত হয়।

দুই প্রার্থীই শেষ দিন তাদের গণসংযোগের সময় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশনের বিধিমতে রাত নয়টায় শেষ হবে প্রার্থীদের পক্ষে মাইকিং ও পথসভা। আর বাড়ি বাড়ি গিয়ে রাত ১২টা পর্যন্ত গণসংযোগ করতে পারবেন প্রার্থীরা।