বৈধ-অবৈধ বিলবোর্ডে সয়লাব চট্টগ্রাম
প্রাকৃতিক সৌন্দর্য আড়াল হয় এমন স্থানে বিলবোর্ড বা সাইনবোর্ড স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও রীতিমত ‘অনুমোদন’ নিয়েই নানা ধরনের বিজ্ঞাপনে ছেয়ে গেছে চট্টগ্রাম।
এতে একদিকে নগরী যেমন হারাচ্ছে সৌন্দর্য, অন্যদিকে ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছেন পথচারীরাও।
গত ১৭ মে নগরীর জিইসি মোড়ে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিলবোর্ড ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মচারী সুকুমার বিশ্বাস (৪৩)। তবে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি সুকুমার। আর সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কি না তা জানে না সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী, নগরীর বিভিন্ন সড়ক, ফুটপাত এবং সংলগ্ন জায়গায় প্রায় সাড়ে পাঁচ হাজার ছোট-বড় আকারের বৈধ বিলবোর্ড রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬৬ টি কর্পোরেশনের নিজস্ব জায়গায়, বাকিগুলো ব্যক্তি মালিকানাধীন ও অন্যান্য সরকারি স্থানে।
তাদের হিসেব অনুযায়ী অবৈধ বিলবোর্ডের সংখ্যাও প্রায় অর্ধসহস্র।
খোঁজ নিয়ে জানা গেছে, তালিকাভুক্ত ১৪১টি বিজ্ঞাপনী সংস্থার মধ্যে ৫০টি প্রতিষ্ঠান নগরীতে বিলবোর্ড স্থাপনের কাজ করে। আর অনুমোদনহীন বিলবোর্ডের বেশিরভাগের মালিক সরকারি ও বিরোধীদলের ছাত্র ও যুব সংগঠনের নেতারা।
অনুমোদন নেয়া বিজ্ঞাপনী সংস্থাগুলোও নিয়মিত পরিশোধ করে না বিজ্ঞাপনের দাম।
চসিকের বিজ্ঞাপন ও প্রমোদ কর রাজস্ব বিভাগের প্রধান পরিদর্শক আবুল মনসুরের কথায়ও এর সত্যতা মিলল। তিনি জানিয়েছেন, ২০০৯-১০ থেকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত বিলবোর্ড মালিকদের কাছে বকেয়া পাওনা ১ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৯৯৩ টাকা।
সর্বশেষ বুধবার সকালে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে অভিযান চালানো হলেও ছাত্রলীগকর্মীদের বাধার মুখে পড়েন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমিন। ভাঙচুর করা হয় তাদের চারটি গাড়ি।
বিল বোর্ড স্থাপন নীতিমালার চার নম্বর শর্তে বলা হয়েছে, অনুমোদিত সাইনবোর্ড এমন ভাবে স্থাপন করতে হবে যাতে রাস্তায়/ফুটপাতে চলাচলকারী জনসাধারণ, ক্রেন/লিফট, দোতলা বাস কিংবা ভারী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় অথবা পরিবেশের সৌন্দর্য বিঘ্তি না হয়।
এছাড়া ২০ নম্বর নীতিমালায় প্রাকৃতিক সৌন্দর্য যেমন পাহাড়, নদী, সাগর, সবুজ গাছপালা আড়াল না করে বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপনের কথা বলা হয়েছে।
এ বিষয়ে আবুল মনসুর বলেন, “আমরা প্রথমে নীতিমালা বাস্তবায়নের চেয়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নজর দিচ্ছি। এসব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের পর আমরা নীতিমালা অনুসরণ না করে গড়ে ওঠা এবং অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু করবো।”
