২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদে ম্যাজিস্ট্রেটকে বাধা

চট্টগ্রামের জিইসি মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

প্রত্যাক্ষদর্শীরা জানান, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের কিছু কর্মী বিলবোর্ড উচ্ছেদে বাধা দেয়ার পাশাপাশি সিটি কর্পোরেশনের চারটি গাড়িও ভাংচুর করে।

ফলে নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।

সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জিইসি মোড়ে অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু করে। এর পরপরই ২০-২৫ জন যুবক লাঠিসোটা নিয়ে ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে যায় এবং বাক বিতণ্ডায় জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এক পর্যায়ে তারা সিটি কর্পোরেশনের চারটি গাড়ি ও সড়কে থাকা কয়েকটি যানবাহন ভাংচুর করে।

হাকিম নাজিয়া শিরিন বলেন, “হঠাৎ কিছু ছেলে এসে আমাদের বাধা দেয়ার চেষ্টা করে এবং অভিযানে আসা গাড়ি ভাংচুর করে।”

এরপরও অপসারণ কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহন ভাংচুরের সময় ছাত্রলীগ কর্মীরা বিলবোর্ড অপসারণে নিয়োজিত কয়েকজন শ্রমিককে মারধরও করে। 

পরে পুলিশ এলে বেলা পৌনে ১২টার দিকে জিইসির মোড় দিয়ে আবার যানবাহন চলাচল শুরু হয়।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলবোর্ড অপসারণের সময়ে কিছু ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে পুলিশ যাওয়ার পর তারা চলে গেছে।”

গাড়ি ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে কেউ অভিযোগ করিনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।”

অবশ্য এমইএস কলেজের ছাত্রলীগ নেতা ও সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেকের দাবি, এ ঘটনায় তার দলের ছেলেরা কেউ জড়িত নয়।

“অনেকেই ছাত্রলীগ ও এমইএস কলেজেরে নাম দিয়ে বিলবোর্ড ব্যবসা করে। তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। এ ঘটনাতেও ছাত্রলীগ জড়িত নয়।”

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগের পদাধিকারী কেউ নয়। দলের নাম ভাঙিয়ে কেউ কেউ এসব ঘটনা ঘটাচ্ছে।”  

এ জন্য তিনি সিটি কপোরেশনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।  

ঘটনার পরপরই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, লালখান বাজারের ওয়ার্ড কমিশনার এস কবির মানিক ও সিটি কপোরেশন সচিব শামসুদ্দোহা ঘটনাস্থলে যান।

দুই ওয়ার্ড কমিশনার বলেন, ম্যাজিস্ট্রেটকে কারা বাধা দিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।