পানি ও পয়ঃনিষ্কাশন প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি সরকার
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে মনে করে পানি ও মানবাধিকার বিষয়ে দুটি ভিন্ন সংস্থা।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইড ও গবেষণা সংস্থা মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র (এইচডিআরসি) একই পর্যবেক্ষণ তুলে ধরে।
জনস্বাস্থ্যের এই ‘গুরুত্বপূর্ণ’ খাতে বাজেট বরাদ্দ এবং সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দলটির প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানান তারা।
২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ২০১১ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি এবং ২০১৩ সালের মধ্যে পয়ঃনিষ্কাশন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সর্ব সাম্প্রতিক যৌথ পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের মাত্র ৮৩ শতাংশ মানুষের সুপেয় পানি পানের সুযোগ আছে। মাত্র ৫৫ শতাংশ মানুষ ‘স্বাস্থ্যসম্মত পায়খানা’ ব্যবহারের সুযোগ পায়। এছাড়া ২৭ শতাংশ মানুষ গণপায়খানা ব্যবহার করে।
এইচডিআরসির প্রধান অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, “বাজেট বরাদ্দ কমানো হয়েছে।”
তিনি মনে করেন, নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও পানি ও পয়ঃনিষ্কাশন পরিস্থিতি উন্নয়নে সরকারের প্রতিজ্ঞায় ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পানি ও পয়নিষ্কাশন খাতের বরাদ্দ ১৫০ কোটি টাকা কমানো হয়েছে।
এখাতে অপ্রতুল বরাদ্দের কথা উল্লেখ করে তিনি শহর ও গ্রামের মধ্যে ব্যাপক বৈষম্য থাকার কথা তুলে ধরেন।
ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি ড. খায়রুল ইসলামও প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের মনোযোগের ঘাটতির আছে বলে মনে করেন।
তিনি বলেন, গত পাঁচ বাজেটে পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ‘অস্পষ্ট’।
তিনি বলেন, তার প্রথম বাজেটে তিনি বলেছিলেন ৮৮ শতাংশ মানুষ স্যানিটারি পায়খানা ব্যবহার করে। “আমরা আগামী বছরে এটা ১০০ ভাগে নিয়ে যাব।”
দুই বছর পর তা বেড়ে হয়েছে ৯০ দশমিক ৬ শতাংশ। এই হারে বাড়লে শতভাগ পৌঁছাতে আরো সাত বছর লাগবে বলে মনে করেন তিনি।
তিনি সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে খাতে আরো বরাদ্দ দেয়ার আহ্বান জানান।
চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ দেয়ার আহ্বানও জানান তিনি যাতে সুবিধাবঞ্চিত মানুষেরাও এই সেবার আওতায় আসে।
