কিশোরগঞ্জ: নির্বাচনের অনুমতি পেলেন অসীম
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিদুল ইসলাম অসীমকে কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অসীমকে নিয়ে এ নির্বাচনের প্রার্থী সংখ্যা দুইজন হওয়ায় নির্বাচন কমিশনকে এখন ভোটের আয়োজন করতে হবে।
নির্বাচনের অপর প্রার্থী হলেন রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক। স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের এ আসনটি শূন্য হয়।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন) মোশাররফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রার্থীর পক্ষে ভোটারদের স্বাক্ষর ও পরিচয়ের সঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকার গড়মিল থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৯ জুন অসীমের মনোনয়ন বাতিল করেছিলেন।
আপিলে তিনি জিতে যাওয়ায় অসীমকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ জুন এবং পরদিন প্রতীক বরাদ্দ হওয়ার কথা। আর আগামী ৩ জুলাই ভোটের দিন রাখা হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, নবম সংসদ নির্বাচনের পর এই প্রথম কোনো স্বতন্ত্র প্রার্থী আপিল করে নির্বাচনের অনুমতি পেলেন।
