২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার সাড়ে ৫০০

সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিশেষ অভিযান চালিয়ে দেড় শতাধিক ‘দাগী সন্ত্রাসী’ সহ সাড়ে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 11:38 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

এ সময় বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম  রোকন উদ্দিন বলেন, নির্বাচনের পর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রোকন উদ্দিন জানান,  গত ১ মে থেকে বিশেষ অভিযান চালায়  মহানগর পুলিশের ২০টি টিম।

“বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৭টি আগ্নেয়াস্ত্র,  ১০ রাউন্ড গুলি,  বিপুল পরিমাণ ককটেল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আরো ৪০০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, অভিযানকালে প্রায় ১৮ হাজার যানবাহন তল্লাশি করে ২ হাজার ৬০০ যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে চোরাই গাড়ি রয়েছে ১৫০টি।

তিনি আরো জানান,  সিটি নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে পুলিশের।

ভোটারের আধিক্য অনুযায়ী ভোট কেন্দ্রগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে- সাধারণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিটি  কেন্দ্রে ২০-৩০ জনের ফোর্স থাকবে। ৩-৪ কেন্দ্র মিলিয়ে একটি মোবাইল টিম ও ৩০-৪০ সদস্যের একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে।

৫০ জন কর্মকর্তা থাকবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে। র‌্যাব-পুলিশের পাশাপাশি ৩ হাজারের অধিক পুলিশ সদস্য ও ১৮০০ আনসার সদস্য দায়িত্ব পালনে থাকবেন বলে জানান রোকন উদ্দিন।