২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মযাদা ছাড়াই দাফন, ওসিকে তলব

ক্যারাম খেলায় ‘ব্যস্ততার কারণে’ এক মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত না করার অভিযোগ ওঠায় নড়াইলের কলাগাছি থানার ওসিকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:51 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন আদালতের নজরে আনার পর বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী ৯ জুলাই ওসিকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

একইসঙ্গে ঘটনার বিবরণ দিয়ে এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানিয়ে ওইদিন আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে।

মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নড়াগাতী থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

গত বুধবার দৈনিক কালের কণ্ঠে ‘রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, ক্যারামে ব্যস্ত ওসি!’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনটি সকালে আদালতের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট মো. আমিরুল হক তুহিন ও জায়েদী হাসান খান। নজরে আনার পর তিন আইনজীবী শুনানিতে অংশ নেন। পরে প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত আদেশ দেয়।

প্রতিবেদনে বলা হয়, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নলামারা গ্রামের দরিদ্র মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন দীর্ঘদিন রোগেভোগের পর গত সোমবার মারা যান। তার মৃত্যুর খবর স্থানীয় নড়াগাতী থানায় জানানোর পরও তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কোনো উদ্দ্যেগ নেয়া নেয়নি পুলিশ।

“অভিযোগ উঠেছে, রাষ্ট্রের এ শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পরও ক্যারম খেলায় ব্যস্ত ছিলেন স্থানীয় নড়াগাতীর থানার ওসি”, বলা হয় ওই প্রতিবেদনে।