ঘাটে ঘাটে শেষ মুহূর্তের প্রচার
সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারের শেষ দিনে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে বরিশালের ঘাটে ঘাটে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে লিফলেট বিলি করছেন প্রধান দুই প্রার্থীর কর্মীরা।
সুদর্শন এক যুবককে দেখা গেল ঘাটে দাঁড়িয়ে আছেন সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের ছবি সম্বলিত পোস্টার নিয়ে। কাছে যেতেই একটি ছোট লিফলেট হাতে দিয়ে বললেন, “আমার ভাইকে একটি ভোট দিবেন।”
একইভাবে প্রচার চালাচ্ছেন সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের কর্মীরাও।
তবে মেয়র পদের আরেক প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের কোনো কর্মীকে লঞ্চ ঘাটে দেখা যায়নি।
এদিকে নির্বাচন সামনে রেখে বরিশালমুখী লঞ্চগুলোতে যাত্রীদের ভিড়ও বেড়ে গেছে। সুন্দরবন লঞ্চের এক শ্রমিক জানান, বৃহস্পতি ও শুক্রবারের কোনো কেবিন খালি নেই। কয়েকদিন আগেই সব ‘বুকড’ হয়ে গেছে।
পুরান ঢাকার কাপড়ের ব্যবসায়ী আব্দুল জব্বার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন ভোট দেয়ার জন্য।
কাকে ভোট দেবেন জানতে চাইলে শুধু মুচকি হাসলেন, কারো নাম বললেন না।
তবে লঞ্চঘাট ঘুরে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখা গেল- হিরন আর কামালের মধ্যে ‘হাড্ডাহাড্ডি লড়াই’ হবে বলে তারা মানে করছেন।
শনিবার বরিশালসহ দেশের চার সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। নির্বাচনের প্রার্থীরা প্রচার চালাতে পারবেন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। বৃহস্পতিবারই চার সিটিতে বিজিবি মোতায়েনের কথা রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে তিন প্রার্থী ছাড়াও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরের ৩০টি পদে ১১৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের ১০টি পদের জন্য ৪৫ জন প্রতিদ্বিন্দ্বিতা করছেন। তাদের মধ্যে থেকে পছন্দের জনপ্রতিধিকে নির্বাচিত করতে শনিবার একশটি কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ২৫৭ জন ভোটার ভোট দেবেন।
