অবরোধে খাগড়াছড়ির সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন
পাহাড়িদের দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের অবরোধে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়া হয়। রামগড়, মাটিরাংগা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়েছে অবরোধকারীরা।
তবে খাগড়াছড়ি-বান্দরবান সড়ক এবং জেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করছে।
একটি স্থানে সভা-সমাবেশের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় গণতান্ত্রিক যুব ফোরাম। কর্মসূচি সফল করতে সকাল থেকে আলোটিলা পর্যটন এলাকা, জোড়াব্রিজ ও বাল্যাছড়ি এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে তারা।
মাটিরাংগা উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদ মো: সাইদুল হক জানান, সড়ক অবরোধ করে রাখায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তবে উপজেলার কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মাটিরাংগা থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে স্থানীয় গুমতি বাজার মাঠে বৃহস্পতি ও শুক্রবার সমাবেশ ডাকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। একই জায়গায় শুক্রবার সকালে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় গণতান্ত্রিক যুব ফোরাম। সংগঠনের মাটিরাংগা উপজেলা সভাপতি পঞ্চসেন ত্রিপুরা হত্যার প্রতিবাদে এ সমাবেশ ডাকে তারা।
পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় গুমতি বাজার এলাকায় বুধবার বিকাল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এর প্রতিবাদে বুধবার দিনব্যাপী সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত সংগঠনটি।
