২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

পূর্ব বিরোধের জের ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার রাতে সভাপতি ফুয়াদ হাসান পল্লব ও সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন।

সুইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ক্রিকেট খেলা নিয়ে মতবিরোধের জের ধরে ওয়েস্ট হলে তার কর্মী কাজলকে সভাপতি পক্ষের সবুজ, বশির, সুমনসহ ৭/১০ মিলে ব্যাপক মারধর করে।

ঘটনার প্রতিক্রিয়ায় বুধবার বিকালে সভাপতি পক্ষের বহিষ্কৃতকর্মী আব্দুল্লাকে কাজলের বন্ধুরা চড়-থাপ্পড় দেয়। ঘটনার পর উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।

সভাপতি পল্লবের নেতাকর্মীরা ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি করে ও ৭/৮টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেন সুইন।

সভাপতি পল্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। কোনো হাতবোমার বিস্ফোরণও ঘটেনি।

খেলার মাঠে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার জেরে ধাওয়া-পাল্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

রাতেও কলেজ ক্যাম্পাসে থেমে থেমে সংঘর্ষ চলছিলো। কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদেরকে আতঙ্কে ছুটোছুটি করতে দেখা গেছে।

রাত সাড়ে ১১টার দিকে শতাধিক পুলিশ আবাসিক হলগুলোতে অবস্থান নিয়েছে।

ঢাকা কলেজে দুই পক্ষে সংঘর্ষের পর কয়েক মাস আগে বেশ কয়েকজনকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ।