সাভারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সাভারের এক চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
বুধবার ভোরে হরিণধরা এলাকায় চামড়া শিল্প পুলিশ ফাঁড়ির পিছনে এ ঘটনা ঘটে।
চালক আমজাদ হোসেন (৫৫) কুষ্টিয়ার ভেড়ামারা থানার মৃত সজি শেখের ছেলে। তিনি হেমায়েতপুর এলাকায় বসবাস করতেন।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে হরিনধরা ট্যানারিতে যাওয়ার উদ্দেশ্যে তিন ব্যক্তি আমজাদের অটোরিকশায় উঠেন। অটোরিকশাটি পুলিশ ফাঁড়ির পিছনে যাওয়ার পর যাত্রীবেশী ওই তিন দুর্বত্ত চালককে এলোপাতাড়ি কুপিয়ে ড্রেনের মধ্যে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
মোস্তফা কামাল জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং দূবৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
