২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে স্থান সঙ্কট অবসানে ‘ব্যবস্থা হচ্ছে’

সচিবালয়ে স্থান সঙ্কট সমাধানে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সচিব সভা’ শেষে তিনি এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় সচিবরা সচিবালয়ের স্থান সঙ্কটের বিষয়টি তুলে ধরেন।

সরকারের কার‌্যক্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পেলেও সচিবালয়ে স্থান বৃদ্ধি পায়নি বলে জানান মন্ত্রিপরিষিদ সচিব।

দীর্ঘ মেয়াদি ব্যবস্থার মধ্যে কিভাবে নতুন স্থান তৈরি বা ভবন তৈরি করা যায় এবং স্বল্প মেয়াদি ব্যবস্থার মধ্যে কিভাবে স্থান শেয়ার করা যায়, এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সচিবালয়ে স্থান সমস্যা সমাধানে সচিবদের সঙ্গে আবার বৈঠক হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

শেরে বাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়টিও ভাবা হচ্ছে। তবে এর সঙ্গে আর্থিক বিষয়টিও ভাবতে হবে।

সভায় ৫৭ জন সচিব উপস্থিত ছিলেন ।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্তম চর্চার (বেস্ট প্রাকটিস) তালিকা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবদের চিঠি দেয়া হয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্তম চর্চাগুলোর সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে আসার পর তা একসঙ্গে করে অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উত্তম চর্চার বিষয়গুলো অন্যান্য মন্ত্রণালয় অনুসরণ করলে ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে সহায়ক হবে, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

সভায় মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ও অগ্রগতি প্রতিবেদন, মন্ত্রণালয় বা বিভাগগুলোর মাসিক প্রতিবেদন, মন্ত্রিসভায় ত্রৈমাসিক প্রতিবদন, সংসদ বিষয়ক কার‌্যাবলি ইত্যাদি বিষয়ে আরো মানসম্মত করতে আলোচনা হয় বলে জানান তিনি।

প্রশাসনিক সংস্থাকে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেওপের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসন যন্ত্র পরিচালনা হয় রাজনৈতিক দিক-নির্দেশনা অনুযায়ী।”