শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থাই হচ্ছে: সিইসি
চার সিটি করপোরেশন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ‘এখন পর্যন্ত’ ভালো উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার ইসির সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।
“আমরা ফিল্ড লেবেলের পরিস্থিতি পর্যালোচনা করেছি। কোন কোন জায়গায় স্ট্রং মেজারমেন্ট নিতে হবে বা এক্সট্রা ব্যবস্থা নিতে হবে- তা নজরে রেখেই সব ব্যবস্থা নেয়া হবে।”
নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সহিংসতার ‘কোনো শঙ্কা’ এই মুহূর্তে না থাকলেও ইসি সব ধরনের পরিস্থিতির জন্যেই প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
‘নির্বাচন কার অধীনে, তা ঠিক করবে রাজনীতিকরা’
মেয়র প্রার্থীদের সমর্থনে বিভিন্ন দলের যে কেন্দ্রীয় নেতারা প্রচার চালাচ্ছেন, তাদের এলাকা ছাড়ারও পরামর্শ দেন সিইসি।
সব নির্বাচনী এলাকায় বিজিবি ও র্যর্যাবের ভ্রাম্যমাণ দলের পাশাপাশি বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে কোস্টগার্ড মোতায়েন করার কথা জানান সিইসি।
তিনি বলেন, সুন্দরবন এলাকার কাছাকাছি হওয়ায় খুলনা-বরিশাল সিটিতে দস্যুদের তরপরতায় রোধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
“প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার-ভিডিপিসহ ২২ থেকে ২৪ জন নিরাপত্তরক্ষী থাকবেন। গুরুত্বপূর্ণ বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজর থাকবে। নির্বাচনী এলাকার সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।”
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা থাকবে জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “কোনো ধরনের পক্ষপাতিত্ব টলারেট করা হবে না।”
স্থানীয় সরকারের এ নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও সিইসি উল্লেখ করেন।
তেমন পরিস্থিতি হলে সেনা চাইবেন কি না- এমন প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, “এটা বলে কয়ে হয় না। ইমার্জেন্সি বিষয়।”
নির্বাচন কমিশনাররা ছাড়াও কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিজিবি, র্যাব, এনএসআই, ডিজিএফআইয়ের অতিরিক্ত সচিব, মহাপরিচালক ও প্রতিনিধিরা আইন শৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে অংশ নেন।
