খুলনা নির্বাচনে হেফাজত ‘ইস্যু’
হেফাজতে ইসলাম ও তার ১৩ দফা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে একটি বড় ‘ইস্যু’ হিসেবে দেখা দিয়েছে।
১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান মনি গত ফেব্রুয়ারি মাসে হেফাজতে ইসলামের একটি সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি ভোটারদের সামনে নিয়ে এসেছেন প্রতিপক্ষের প্রচারকারীরা। এ নিয়ে ভোটারদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয়।
তবে ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা মনিরুজ্জামান মনি এ বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ।
নির্বাচনে মেয়র পদে মনির প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেন তালুকদার আব্দুল খালেক।
মনিরুজ্জামান মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন কোনো দলীয় ব্যানারে হয় না। হেফাজতে ইসলামের সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি ছিল দলীয় সিদ্ধান্ত। আর স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। ফলে হেফাজতে ইসলামের সম্মেলনে যাওয়া এবং তাদের সমর্থন দেয়া এ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।”
তবে স্থানীয় উন্নয়নকর্মী রাশিদা করিম (৪০) মনে করেন, হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি জানিয়েছে তা নারী উন্নয়নের ক্ষেত্রে চরম বাধা। নারীরা কখনো তাদের এ দাবি মানবে না।
“মনিরুজ্জামান মনি হেফাজতের প্রতি সমর্থন জানিয়ে, সেই সম্মেলনে যোগ দিয়ে নারী অধিকারের প্রতি অসম্মান করেছেন। সে কারণে নারীরা বিষয়টিকে খুব ভালভাবে নেবেন বলে মনে হয় না,” বলেন রাশিদা করিম।
খুলনা সিটি কর্পোরেশনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৬৬৬ জন, যার প্রায় অর্ধেকই নারী (২ লাখ ১৬ হাজার ৬২ জন)। মোট ভোটারের প্রায় ৩৫ শতাংশ তরুণ-তরুণী (বিশেষত যারা এবার নতুন ভোটার হয়েছেন তাদের সংখ্যা ৪১ হাজার ১৬৭ জন)।
গত ২২ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর ডাকবাংলা চত্বরে হেফাজতে ইসলামের খুলনা বিভাগীয় রেসালত সম্মেলনে খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল জেলা থেকেও হেফাজতের নেতাকর্মীরা যোগ দেন।
সম্মেলন চলাকালে ওইদিন বিকেলে খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা এবং সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম হেফাজতের মঞ্চে উঠে তাদের সম্মেলনের সফলতা কামনা করেন।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অলকানন্দা দাস মন্তব্য করেন, বিএনপি হেফাজতে ইসলামের ১৩ দফাকে সমর্থন করে নারী প্রগ্রতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যে কারণে নারীরা বিএনপির প্রার্থীকে নিয়ে সেভাবে আগ্রহ দেখাবেন বলে মনে হয় না।
নতুন প্রজন্মের ভোটার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র আব্দুল্লাহ আল মামুন (২০) বলেন, মনিরুজ্জামান মনির নির্বাচনী ইশতেহারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তারপরও তিনি হেফাজতের পক্ষ অবলম্বন করায় বিষয়টি তাকে পীড়া দিচ্ছে।
প্রায় একই অনুভূতির কথা জানান সরকারি মহিলা কলেজের ছাত্রী জেসমিন আক্তার (২১)।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনিরুজ্জামান মনি একজন মুক্তিযোদ্ধা। এদেশকে মুক্ত করার জন্য তিনি যুদ্ধ করেছেন। হেফাজতে ইসলামের প্রতি সমর্থন জানানোর বিষয়টি আমাদের কষ্ট দিয়েছে।”
যদিও এ ব্যাপারে হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার যুগ্ম-সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম ব্যাপারটিকে এভাবে দেখতে নারাজ।
মুফতি জিহাদুল ইসলাম মনে করেন, হেফাজতে ইসলামের ১৩ দফা সমর্থন করায় মনিরুজ্জামান মনির পক্ষে নারীদের ভোট আরও বাড়বে। কারণ হেফাজতে ইসলামের ১৩ দফায় নারীর অধিকার আরও সুরক্ষিত হয়েছে।
কেউ কেউ হেফাজতের ১৩ দফাকে ভুলভাবে ব্যাখা করে নারী ও নতুন প্রজন্মের ভোটারদের বিভ্রান্ত করছেন, ক্ষোভের সঙ্গে যোগ করেন মুফতি জিহাদুল।
