ফেনীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফেনী সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হাজারী সড়কের মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা হলেন আন্তঃজেলা ট্রাক-মোটর শ্রমিক ইউনিয়নের ফেনী শাখার প্রচার সম্পাদক নিজাম উদ্দিন (৪০) ও আরিফুর রহমান (২২)।
এরা দুজনই ট্রাকচালক বলে পুলিশ জানিয়েছে।
ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবদুল কাদের জানান, একটি মোটরসাইকেল মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন ও হাসপাতালে নেয়ার পথে আরিফুরের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি থানায় নিয়ে গেছে।
