২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ

তুরস্কের ইস্তাম্বুল শহরের তাকসিম স্কয়ারে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরাতে পুলিশের ঝটিকা অভিযানের পর মঙ্গলবার রাতভর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 10:17 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

দুই সপ্তাহ ধরে স্কয়ারটিতে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ করছিল প্রতিবাদকারীরা।

ওদিকে, তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বুধবার প্রতিবাদকারীদের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু প্রতিবাদকারীদের একটি প্রধান অংশ জানিয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হয়নি তাই তারা এতে অংশগ্রহণ করবে না। মঙ্গলবার সন্ধ্যায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাসকিম স্কয়ারে জমায়েত হাজার হাজার বিক্ষোভকারীকে লক্ষ্য করে মতো কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। জমায়েতের মধ্যে অফিস ফেরত কর্মী ও শিশুসহ অনেক পরিবারও ছিল। এছাড়া সারাদিন ধরে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়া মুখোশ পরিহিত তরুণরা তো ছিলই। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ার শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের রাস্তাগুলোতে যেয়ে আশ্রয় নেয়। স্কয়ারের আশপাশের রেস্তোরাগুলোর কর্মীরা রেস্তোরার শাটার উঠিয়ে যতটা সম্ভব বিপন্ন মানুষগুলোকে আশ্রয় দেওয়ার চেষ্টা করে। এ সময় পাথর নিক্ষেপকারী তরুণদের লক্ষ্য করে জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করতে থাকে পুলিশ। তাসকিম স্কয়ারের একপাশের বৃক্ষাচ্ছাদিত গেজি পার্ক ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করার পরিকল্পনা করেছিল প্রধানমন্ত্রী এরদোয়ান সরকার। দুই সপ্তাহ আগে ওই পরিকল্পনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শরু হয়। পরে প্রতিবাদকারীদের দাবি না মানার সরকারের অনমনীয় মনোভাব একে সরকার বিরোধী বিক্ষোভ-সমাবেশে পরিণত করে। প্রাথমিক প্রতিবাদ বিক্ষোভে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে ঘোষণা দেওয়ার একদিন পরই অবস্থান নেওয়া প্রতিবাদকারীদের সরাতে ঝটিকা অভিযান চালায় পুলিশ। এতে ক্ষুব্ধ গেজি পার্ক আন্দোলনের অন্যতম সংগঠক গোষ্ঠি ‘সলিডারিটি প্লার্টফর্ম’ এর মুসেল্লা ইয়াপিসি বলেন, “এখানে যখন সংঘর্ষ চলছে তখন আলোচনার কোনো সুযোগ নেই।” গভীর রাতে বেপরোয়া তরুণ বিক্ষোভকারীরা শ্লোগানরত পুলিশকে শহরের গলিপথে টেনে নেয়। গলিগুলোর ভিতরে প্রবেশে করে পুলিশ আরো কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও জল কামান দিয়ে আরো পানি ছিটায়। স্কয়ারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পোড়া গাড়ি ও অন্যান্য ধ্বংসস্তুপ সরাতে শহরের পরিচ্ছন্নতা কর্মীরা বুলডোজার ব্যবহার করে। এছাড়া তুরস্কের রাজধানী আঙ্কারার বিক্ষোভকারীদের হটাতেও পুলিশ জলকামান ব্যবহার করে।