শরণখোলা প্রেসক্লাবে ‘ছাত্রলীগের’ হামলা
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবে ছাত্রলীগ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি হাতবোমা বির্ফোরণ ও গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেন প্রেসক্লাব সভাপতি বাবুল দাস। তবে পুলিশ বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে।
পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
অপর আহতরা হলেন সাংবাদিক ইসমাঈল হোসেন লিটন এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামের ছেলে হানিফ । তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইসমাঈল হোসেন লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৯টার দিকে তারা দুই তিনজনে বসে কথা বলছিলেন। এসময়ে হঠাৎ উপজেলা ছাত্রলীগ সভাপতি বাদশা আলমগীর ও সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমনের নেতৃত্বে ৩৫-৪০ জন সশস্ত্র সন্ত্রাসী ধরধর বলে প্রেসক্লাব চত্বরে প্রবেশ করে।
এরপর হামলাকারীরা বাইরে কয়েকটি হাতবোমা ফাটায় এবং গুলিবর্ষণ করে। পরে প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। তারা প্রেসক্লাবের চেয়ারসহ আসবাবপত্র ও জানালা ভাংচুর করে।
পরে পুলিশ এসে ফাঁকা গুলিবর্ষণ করে ওদের ছত্রভঙ্গ করে দেয়।
হামলাকারীদের ওদের ছোঁড়া ইটের আঘাতে তারা তিনজন আহত হন বলে জানান লিটন।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও টেন্ডারবাজি নিয়ে সংবাদকর্মীরা বেশ কিছুদিন ধরে সংবাদ প্রকাশ করছিলেন।
এতে ক্ষুব্ধ হয়ে তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
তিনি এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে ছাত্রলীগকর্মীদের হাতবোমা হামলা ও গুলিবর্ষণের কথা অস্বীকার করেছেন শরণখোলা থানার ওসি মো. হুমায়ুন কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেসক্লাবে হামলার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাত রাউন্ড গুলি বর্ষণ করে ছাত্রলীগকর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।”
প্রেসক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি বাদশা আলমগীর ও সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমনকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন ধরেননি।
