সাকার আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে আটক সালাহউদ্দিন কাদের চৌধুরীর আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ওই আবেদনের প্রাথমিক শুনানি হয়। আগামী রোববার পরবর্তী শুনানি হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী মঙ্গলবারই আবেদনটি দায়ের করেন।
আদালতে আবেদনকারী পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
খন্দকার মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধান কার্যকর হওয়ার আগের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে চলতে পারে না। পূর্বের অপরাধ পরের আইনে বিচারে যথাযথ আইনগত সুরক্ষা এই আইনে নেই।
রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আগামী রোববার পরবর্তী শুনানি হবে জানিয়ে তিনি বলেন, ওই দিন তারা আদালতে আরো যুক্তি তুলে ধরবেন।
রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স), ট্রাইব্যুনালের নিবন্ধক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ও নারায়ণগঞ্জ কারাগারের তত্ত্বাবধায়ককে বিবাদী করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই আদালতের সামনে কেন হাজির করা হবে না এবং ট্রাইব্যুনাল কর্তৃক তাকে দেয়া আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেবিষয়ে রুল চাওয়া হয়েছে ওই আবেদনে।
