মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য ‘সুযোগ’ চান কামরান
উন্নয়নের জন্য ২০ বছরব্যাপী মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও আধুনিক সিলেট নগরী গড়ে তুলতে আবারো নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আবেদন জানিয়েছেন মহাজোটের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
মঙ্গলবার দুপুরে নগরীর কাজিরবাজার এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এ আবেদন জানান কামরান।
দুইবারের মেয়র কামরান সন্ত্রাস-অস্ত্রবাজ-চাঁদাবাজ ও ছিনতাইমুক্ত নগরী গড়ে তোলার আশ্বাসও দেন ২০ দফার এ ইশতেহারে।
এ সময় কামরান বলেন, “নগরবাসী আমাকে পর পর দুইবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমি ২০ বছরব্যাপী মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য কাজ করতে চাই।”
এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক রহমত উল্লাহ, সংসদ সদস্য মতিউর রহমান, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জেবুন্নেচ্ছা হক, ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজ উপস্থিত ছিলেন।
কামরানের নির্বাচনী ইশতেহারে যুব সমাজকে তথ্য ও প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধকরণ, রাস্তাঘাট-ড্রেন-কালভার্ট নির্মাণ ও সংস্কার, ফুটপাত সৌন্দর্যকরণ ও হকারদের পুনর্বাসন, পানি ও জলাবদ্ধতা দূরীকরণ, দখলে থাকা ছড়া ও খাল উদ্ধার ইত্যাদি।
