২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতান্ত্রিক দেশের নিয়মেই নির্বাচন হবে’

বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে ডেনিশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 08:19 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত ভেন্ড ওলিং মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা তাকে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের জনগণ ‘গণতন্ত্রপ্রিয়’ এবং ‘নির্বাচনমুখী’। কেউ নির্বাচন বর্জনের চিন্তা করবে বলে তিনি মনে করেন না।

“দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ দাঁড়াবে বলে আমি মনে করি না”, বলেন প্রধানমন্ত্রী।

নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বিদায়ী রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ডেনিশ রাষ্ট্রদূত বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখান বলে প্রেস সচিব জানান।

তিনি বলেন, ভেন্ড ওলিং বাংলাদেশ থেকে জাহাজ ও ফেরি আমদানির বিষয়েও তার দেশের আগ্রহের কথা জানান। 

বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও তার নেতৃত্বেরও প্রশংসা করেন।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশে কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ এ আল মুল্লা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে আবুল কালাম আজাদ জানান।