২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম রহমানের পদে থাকা নিয়ে রুল

গোলাম রহমান ‘মেয়াদ শেষ হওয়ার পরও’ কীভাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে আছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 07:28 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

দুদক চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও দুদক সচিবসহ চারজনকে আগামী ১৩ জুনের মধ্যে রুলের জবাব দিতে হবে।

‘মেয়াদ শেষের পর’ গোলাম রহমানের নেয়া বিভিন্ন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ‘বাড়তি সময়ে’ তার নেয়া বেতন ভাতা কেন ফেরত দিতে নির্দেশ দেয়া হবে না- তা জানতেও রুল জারি করেছেন বিচারক।

এই আদেশের অনুলিপি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে বিবাদীদের হাতে পৌঁছে দিতে নির্দেশ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে দাবি করে মির্জা আল মাহমুদ নামের এক আইনজীবী রোববার হাই কোর্টে এই রিট আবেদন করেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন মো. বদরুদ্দোজা বাদল। আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এর আগে গত ৫ জুন দুদক চেয়ারম্যানকে একটি উকিল নোটিস পাঠিয়েছিলেন আল মাহমুদ। ওই নোটিসের জবাব না দেয়ায় রিট আবেদন করেছেন বলে জানান তিনি।

আল মাহমুদের দাবি, সরকার ২০০৯ সালের ২৯ এপ্রিল গোলাম রহমানকে চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তা কার্যকর হয় ওই বছরের ২ মে। সেই হিসাবে গোলাম রহমানের দায়িত্বে মেয়াদ চলতি বছর মে মাসেই অতিক্রান্ত হয়েছে।