সৌদিতে অবৈধ ৮৮ হাজার নতুন পাসপোর্ট নিয়েছে
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত ৮৮ হাজার ৭১৯ বাংলাদেশি ইতোমধ্যে নতুন পাসপোর্ট সংগ্রহ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু্বিভাগের মহাপরিচালক শামীম আহসান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
সৌদিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য যে কনস্যুলার সার্ভিস চালু করেছে সেখানে ৯ জুন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৮২ জন সেবা নিয়েছে বলেও জানান তিনি।
এছাড়া পাসপোর্ট নবায়ন করেছেন ৩ হাজার ৯৮ জন এবং ট্রাভেল পারমিট পেয়েছেন ৩৫ হাজার ২৬৬ জন।
ট্রাভেল পারমিট পাওয়া প্রবাসীরা দেশে ফিরে এসে আবারো বৈধভাবে সৌদি আরব যেতে পারবেন বলেও জানায় মন্ত্রণালয়।
গত ১৩ মে শুরু হওয়া বিশেষ এই উদ্যোগ আগামী ৩ জুলাই পরযন্ত চলবে।
রোহিঙ্গাদের চিহ্নিত করতে উদ্যোগ
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া মিয়ানমারের মুসলিম নাগরিক রোহিঙ্গাদের চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সৌদি সরকারের অনুরোধে তাদের জন্য পাসপোর্টের পরিবর্তে ‘দালিলিক প্রমাণ’ সরবরাহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রবেশকারি রোহিঙ্গাদের যেন সৌদি সরকার সে দেশে অবস্থানের অনুমতি দিয়ে বৈধকরণ করতে পারে, সেজন্য তারা বাংলাদেশের মধ্য দিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে মর্মে দালিলিক প্রমাণপত্র দিতে সম্প্রতি সৌদি সরকার বিশেষ অনুরোধ করেছে।”
“বিষয়টি আমরা বিবেচনার আশ্বাস দিয়েছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।”
তবে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না হওয়ায় কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট পাবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
