গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
জামায়াতে ইসলামের হরতালের মধ্যে প্রজন্ম চত্বরে হাতবোমা হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে প্রজন্ম চত্বর থেকে মিছিলটি বের হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-দোয়েল চত্বর হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ঘুরে পুনরায় দোয়েল চত্বর-টিএসসি হয়ে শাহবাগে ফেরে এই মিছিল।
জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাখ্যান করে দুপুরে শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিল হয়। ওই মিছিলের পরপরই শাহবাগে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
সন্ধ্যায় মিছিল শেষে সমাবেশে ইমরান বলেন, “জামায়াত-শিবিরের হায়েনারা গণজাগরণ মঞ্চ ও আমাদের প্রাণের জায়গা ট্রাইব্যুনালে হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। তাদের এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের নির্ভয়ে বিচারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
“আমরা তাদের স্পষ্টভাষায় বলে দিতে চাই- প্রয়োজনে দেশের ১৬ কোটি মানুষ ট্রাইব্যুনাল পাহারা দিয়ে তার নিরাপত্তা বিধান করবে।”
আদালত অবমাননার দায়ে তিন নেতাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সাজা দেয়ার প্রতিবাদে সোমবার দিনব্যাপী হরতাল ডাকে জামায়াত।
হরতালের ঘোষণা দেয়ার পর রোববার রাতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফটকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেদিন হাতবোমা হামলা হয় তথ্যমন্ত্রী হাসানুল জক ইনুর বাড়িতেও।
সমাবেশে আরিফ জেবতিক বলেন, “পাকিস্তানের এজেন্ট জামায়াত-শিবির ট্রাইব্যুনাল ও গণজাগরণ মঞ্চে বোমা হামলা করেছে। যতবারই হামলা করা হোক, আমরা ততবারই দ্বিগুণ শক্তি নিয়ে তাদের হামলা প্রতিহত করবো।”
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধের দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।
