বরিশালে যান চলাচলে নিষেধাজ্ঞা
বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
১২ জুন (বুধবার) রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও ১৪ জুন (শুক্রবার) রাত ১২টার পর থেকে আরো ৯ ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ।
নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এটিএম মুজাহিদুল ইসলাম।
সোমবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ জুন রাত ১২টা থেকে ১৫ জুন রাত ১২টা পর্যন্ত বেবি ট্যাক্সি, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, বাস, পিকআপ, ট্রাক ও টেম্পু চলাচল বন্ধ থাকবে।
“তবে রিটার্নিং কর্মকর্তার দেয়া বিশেষ পরিচয়পত্র থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের এজেন্ট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।”
উপ-পুলিশ কমিশনার মুজাহিদুল ইসলাম আরো জানান, এছাড়া দেশি-বিদেশি সংবাদকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনের বৈধ পরিদর্শকদের যানবাহনও এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
তিনি বলেন, দমকল বাহিনী এবং এ্যাম্বুলেন্সসহ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গাড়ির ব্যাপারে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলেও জানান পুলিশ কমিশনার।
