বিদ্যুৎ বিভাগেই যাচ্ছে দুই বস্ত্রকল
বেসরকারি খাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে রাষ্ট্রায়ত্ত দুটি বস্ত্রকল বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করার অনুমতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার সচিবালয়ে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে অতিরিক্ত সচিব নুরুল করিম জানান।
সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গত ১৩ মার্চ কমিটির সভায় মাগুরা ও রঙামাটি টেক্সটাইল মিল বেসরকারিকরণ কমিশনের তালিকা থেকে বাদ দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত আজ অনুমোদন হয়েছে।
“বস্ত্রকল দুটি পরবর্তীতে বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করারও সিদ্ধান্ত হয়েছে”, বলেন তিনি।
মিল দুটি বিক্রি হলে সরকারকে এর দায়দেনা বাবদ প্রায় ১৭৪ কোটি টাকা পরিশোধ করতে হতো।
বেসরকারিকরণ কমিশন ওই দরপ্রস্তাব অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর পর তা বাতিল হয়ে যায়।
সোমবারের সভায় আরো তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
অতিরিক্ত সচিব জানান, সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন ২০১৩ এর খসড়ায় কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং এর সংস্কার কাজের অনুমোদন এবং ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টারের ১ দশমিক ১৬ একর জমি বেসরকারিকরণ কমিশনের বিক্রির তালিকা থেকে বাদ দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠকের আগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়।
এতে ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সভাশেষে সাংবাদিকদের জানান নুরুল করিম।
তিনি বলেন, কাতার থেকে সরকারি পযায়ে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে খরচ হবে ৭১ কোটি ৮২ লাখ টাকা।
ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ‘সালটিয়া বাজার-হাজীগঞ্জ বাজার-দেওয়ানগঞ্জ বাজার’ সড়কের ওপর সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ৬৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭২ কোটি ৭২ লাখ টাকা করার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে।
গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি গাজীপুর-ঢাকা) আওতায় অপারেশনাল ডিজাইন ও বিজনেস মডেলের পরামর্শক নিয়োগের প্রস্তাব কমিটি অনুমোদন করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা।
এছাড়া যশোরের নাভারণ থেকে সাতক্ষীরা হয়ে মুন্সিগঞ্জ (সাতক্ষীরার একটি অঞ্চল) পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের প্রস্তাবও কমিটি অনুমোদন করেছে।
দুই কমিটির সভায়ই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ত্ব করেন।
