২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নির্বাচনে ইস্যু ‘ওয়ান-ইলেভেন’ও

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থীর ‘ওয়ান-ইলেভেন’ সময়কার অবস্থান আবারো সামনে চলে আসছে।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

দুই প্রার্থীই তাদের নির্বাচনী প্রচার-প্রচারণায় একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে ‘ওয়ান-ইলেভেন’কে সমানে নিয়ে আসছেন।

তবে ব্যক্তিগতভাবে মহাজোট সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও ১৮ দল সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী উভয়েই নিজেদের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ‘ওয়ান-ইলেভেন’ সময়কার ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন।

বিগত জোট সরকারের আমলে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ‘কাছের লোক’ হিসাবে পরিচিত ছিলেন আরিফুল। ওই সময়ে মহানগর বিএনপির সভাপতি ও সিটি কাউন্সিলর আরিফুলকে অনেকেই ‘ছায়ামন্ত্রী’ বলেও ডাকতেন।

২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ এর সময় ‘শীর্ষ দুর্নীতিবাজ’ হিসাবে আরিফুল তালিকাভুক্ত হন এবং কারাবাস করেন। সে সময় তার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার কার্যক্রম বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়ান-ইলেভেনের সময় মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু কোনো অভিযোগই প্রমাণিত হয়নি।”

অপরদিকে সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির নানা অভিযোগ। ২০০৮ সালের ৬ এপ্রিল শিবগঞ্জ কিচেন মার্কেট দুর্নীতি মামলায় প্রথম দফা আটক হন কামরান। ৩২ দিন কারাভোগের পর কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

একই বছরের ২৯ মে ফের কামরানকে আটক করা হয় নগরীর গুলশান হোটেল থেকে। এ সময় তার বাসায়ও তল্লাশি চালানো হয়। কামরানের বিরুদ্ধে দায়ের করা ৪টি ফৌজদারি মামলা থেকেই তিনি অব্যাহিত পেয়েছেন।

কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়ান-ইলেভেনের সব ছিল ষড়যন্ত্র। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব মামলায় আমি অব্যাহতি পেয়েছি।”

কামরানের সময় সিটি কর্পোরেশনকে দুর্নীতি আর স্বজনপ্রীতির আখড়া বানানো হয়েছে উল্লেখ করে অরিফুল বলেন, “মেয়ের জামাইকে দিয়ে কামরান সিটি করপোরেশনের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। তিনি নগরীর দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি। জলাবদ্ধতা, ফুটপাত দখল, যানজট ও পার্কিং সমস্যাই কামরানের ব্যর্থতার কথা তুলে ধরে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরী পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এ জন্য কোনো পরিকল্পনাও নেওয়া হয়নি।

এসব অভিযোগ অস্বীকার করে বদর উদ্দিন আহমদ কামরান উল্টো বলেন, “আরিফুল একজন স্বীকৃত দুর্নীতিবাজ। ওয়ান-ইলেভেনের সময় দেশের ‘শীর্ষ দুর্নীতিবাজের’ একজন ছিলেন আরিফুল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তিনি এলজিইডি, জেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় যেভাবে ক্ষমতার দাপট দেখিয়েছেন এগুলো খুব স্পষ্ট ও নগরবাসী তা জানে।”

“এই নির্বাচনের সময় আরিফুর যখন ১৮ দলের সমর্থন পাননি তার আগে বিএনপির একটি অংশ সংবাদ সম্মেলন করে আরিফুলের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা তুলে ধরেছে। তার নিজের দলের লোকই তো তাকে দুর্নীতিবাজ হিসাবে চেনে। এরচেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে,” ক্ষোভের সঙ্গে বলেন কামরান।

সিটি করপোরেশনে স্বজনপ্রীতি-দুর্নীতি নিয়ে আরিফুলের অভিযোগ প্রসঙ্গে কামরান বলেন, সিলেট সিটি কর্পোরেশনে কোনো টেন্ডারবাজি হয় না। টেন্ডার দাখিলের দিন র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়।

টানা দুইবারের মেয়র কামরান নগরীতে প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন করেছেন বলে প্রচারণা চালালেও নগরবাসীর কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, “সিটি কর্পোরেশন হওয়ায় পর সিলেটে কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। নাগরিক সব সমস্যাগুলো এখনো প্রতিশ্রুতির বৃত্তে বন্দি।

জনগণ কাঙ্খিত উন্নয়ন চায়। আর সে বিবেচনাতেই এবাই ভোটাররা ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন সুজন সভাপতি।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইইউ শহিদুল ইসলাম শাহীনও কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে মত প্রকাশ করেন।

শিবগঞ্জ এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। পানি চলে আসে বাড়িঘরে। এ অসহনীয় দুর্ভোগের সমাধান যে করতে পারবেন আগামী নির্বাচনে তাকেই ভোট দেবেন বলে মন্তব্য করেন তিনি।

শাহী ইদগাহ এলাকা বাসিন্দা মাসুম তালুকদার বলেন, “প্রধান দুই প্রার্থীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা চাই দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন।”