২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত ‘প্রতিরোধের ডাক’ জাগরণ মঞ্চের

ছয় দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ইসলামী ছাত্র শিবিরকে ‘নিশ্চিহ্ন’ করার ডাক এসেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 07:33 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

সোমবার জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “জামায়াত নানাভাবে রাজপথ উত্তপ্ত করছে একমাত্র নিষিদ্ধ করেই তাদের রোখা সম্ভব।

“ছয় দফা বাস্তবায়নের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করে তাদের নিশ্চিহ্ন করতে হবে।”

বেলা সাড়ে ১১টার দিকে ‘জামায়াত-শিবিরের হরতাল মানি না মানবো না’ লেখা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে শাহবাগ থেকে জাগরণ মঞ্চের এই মিছিল শুরু হয়।

টিএসসি ও শহীদমিনার ঘুরে মিছিল নিয়ে আবার শাহবাগে ফিরে আসেন জাগরণ মঞ্চের কর্মীরা।

ইমরান এইচ সরকার, মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসুলসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা এই মিছিলে অংশ নেন।

তাদের কণ্ঠে শ্লোগান শোনা যায়- ‘জামায়াত-শিবিরের অবৈধ হরতাল মানি না মানবো না’, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’।

শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ইমরান বলেন, “আমাদের আগের ঘোষণা অনুসারে যখনই জামায়াত যেখানে হরতাল ডাকবে, গণজাগরণ মঞ্চ এবং সাধারণ মানুষ সেখানেই তা প্রতিহত করবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করার জন্যও সরকারকে অনুরোধ জানান তিনি।

“বিচার প্রক্রিয়া বিলম্বিত করা যাবে না। অতিদ্রুত রায় কার্যকর করতে হবে।”

যে কোনো পরিস্থিতিতে ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইমরান বলেন, “প্রয়োজনে জনগণ আবারও রাস্তায় নামবে।”

আদালত অবমাননার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিন নেতাকে সাজা দেয়ায় প্রতিবাদে রোববার দুপুরে সারাদেশে সকাল-সন্ধ্যা  হরতালের ডাক দেয় জামায়াত।

এর পরপরই হরতাল প্রতিরোধের ডাক দিয়ে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে মিছিলের ঘোষণা আসে।

গত ফেব্রুয়ারিতে মঞ্চ গঠিত হওয়ার পর জামায়াতের প্রতিটি হরতালেই শাহবাগে প্রতিবাদ মিছিল করেছেন এ মঞ্চের কর্মীরা।