২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্না দের অবস্থা স্থিতিশীল

হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দের অবস্থা এখন ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 04:24 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ায় শনিবার তাকে ব্যাঙ্গালুরুর নারায়ণ রুদায়লয়া হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, সোমবার ৯৪ বছর বয়সী এই শিল্পীর শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে।

তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন চিকিৎসকরা।  তারা শুধু জানিয়েছেন, ফুসফুসের সংক্রমণ ছাড়াও আরো কিছু জটিলতায় ভুগছেন মান্না দে।   

হাসপাতালের একজন মুখপাত্র পরে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন বলেও চিকিৎসকরা জানান।

মান্না দের একজন নিকট আত্মীয়ও শিল্পীর অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন। কলকাতা থেকে রোববার ব্যাঙ্গালুরু পৌঁছান তিনি। 

প্রায় ২০দিন আগে স্ত্রী প্রয়াত সুলোচনা কুমারণের স্মরণে গান রেকর্ড করার সময় অসুস্থ বোধ করেন মান্না দে। তখন থেকে কল্যাণনগরে নিজের বাড়িতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত পহেলা মে এই প্রখ্যাত গায়কের ৯৪তম জন্মদিন পালন করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিন তার সঙ্গে দেখা করেন।

এবারের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মান্না দে কে ‘বিশেষ সংগীত মহাসম্মান’ দেয়া হয়।

শিল্পী সেদিন মমতাকে জানান, স্ত্রী সুলোচনার  স্মৃতিতে কিছু গান রেকর্ড করার জন্য অসুস্থ শরীরেও তিনি কলকাতায় ফিরতে চান।

১৯৫০ থেকে ১৯৭০ এর দশকে ভারতীয় চলচ্চিত্রে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠা এই শিল্পীর জন্ম ১৯১৯ সালে। পরিবারের দেয়া নাম প্রবোধ চন্দ্র দে হলেও ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীরা তাকে মান্না দে নামে এক নামে চেনে। 

বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটিসহ ভারতের বিভিন্ন ভাষায় গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের কল্যাণে মান্না দে পরিণত হয়েছেন জীবন্ত কিংবদন্তীতে।  

কফি হাউজের সেই আড্ডাটা; আবার হবে তো দেখা; এই কূলে আমি, আর ওই কূলে তুমি; তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়; যদি কাগজে লেখো নাম; সে আমার ছোট বোনসহ মান্না দের কণ্ঠের বহু গান বাংলাদেশের শ্রোতাদের কাছেও দারুণ জনপ্রিয়।    

সংগীতে অসামান্য অবদানের জন্য ভারত সরকারের দেয়া পদ্মশ্রী, পদ্মবিভূষণসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই শিল্পী।

পুরনো খবর:

অসুস্থ মান্না দে হাসপাতালে