ইসিকে পরামর্শ আকবর আলির
নির্বাচনের বছর প্রস্তাবিত বাজেটের অর্থ যাতে কোনো রাজনৈতিক কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নির্বাচন কমিশনের সক্রিয়তা প্রত্যাশা করেছেন আকবর আলি খান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা রোববার সিরডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান ‘সমুন্নয়’ আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে এই এই মত প্রকাশ করেন।
আকবর আলি বলেন, “নির্বাচনের বছরে বাজেটের অর্থ যাতে কোনো রাজনৈতিক কাজে ব্যবহৃত না হয়, এটা নিশ্চিত করার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।”
একই সঙ্গে বাজেটের ‘অপ্রকাশিত খাতের’ ব্যয় যাতে সরকারের ‘রাজনৈতিক সুবিধার জন্য’ ব্যবহৃত না হয়, সেজন্য নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট দিক-নির্দেশনাও চেয়েছেন সাবেক এই সচিব।
‘প্রস্তাবিত বাজেট ২০১৩-১৪ কেমন হলো : একটি সমুন্নয় পর্যালোচনা’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
প্রস্তাবিত বাজেট সম্পর্কে তার মূল্যায়ন, “বাজেটে সঙ্কট এবং সম্ভাবনা একইসঙ্গে বিরাজ করছে।”
তবে জনপ্রশাসনে ব্যয় বৃদ্ধির বিষয়টি ‘ভালো লক্ষণ নয়’ বলে মন্তব্য করেন ইব্রাহিম খালেদ।
কালো টাকা সাদা করার সুযোগ বারবার দেয়া হলেও তাতে সুফল না পাওয়ায় এই ব্যবস্থা রাখার সমালোচনা করেন তিনি।
