বনফুলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্নতার অভিযোগে বেকারি ও মিষ্টিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল এ্যান্ড কোম্পানির ফেনী শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতে ভেজালবিরোধী অভিযান চালানোর সময় এ জরিমানা করা হয়।
এদিন ভেজালের অভিযোগে একজনকে জেল এবং আরো চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, বেকারি ও মিষ্টিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল এন্ড কোম্পানিকে এক লাখ জরিমানা করা হয়েছে।
এছাড়াও ফেনী শহরের তাকিয়া রোডের একটি মরিচ-হলুদ ভাঙ্গানোর কারখানায় পঁচা মরিচে রং ও হলুদে কাউন ধানের চালের গুড়া মিশিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। ওই কারখানায় অভিযান চালানোর সময় মালিক পালিয়ে যান।
এ সময় কারখানায় বিষাক্ত রং, কাউন ধানের চালের গুড়াসহ ভেজাল দেখতে পেয়ে কারখানার ব্যবস্থাপক আবদুল কাদেরকে (১৫) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ওই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
একই রোডে বাজার থেকে খোলা ও ভেজাল তেল কিনে ‘রূপচান্দু’ নাম দিয়ে প্যাকেট করে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে বাজারে বিক্রির অভিযোগে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্নতার অভিযোগে এদিন ‘মধুমেলা’ ও ‘হীরা কনফেকশনারী’ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
