পাহাড় কাটার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার বিকাল ৪টায় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দু’টি করেন।
মামলার একটিতে চারজন এবং আরেকটিতে ২৯ জনকে আসামি করা হয়েছে।
সরদার শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ জুন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে এক অভিযানে এ ৩৩ জনকে পাহাড় কাটায় জড়িত বলে সনাক্ত করা হয়।
সনাক্তদের পরিচয় নিশ্চিত হওয়ার পর রোববার বিকালে কক্সবাজার সদর থানায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) এর ধারা ৪ (১) ও ইমরাত নির্মাণ আইন ১৯৫২ (১৯৯০ সালে সংশোধিত) এর ৩ সি ধারায় এ এজাহার করা হয়।
মামলার আসামিরা হলেন- কলাতলী আদর্শ গ্রামের দানু মিয়ার ছেলে শামসুল আলম (৪৫), মহেশখালীর কুতুবজোমের ডা. নুরুল হক, চট্টগ্রামের লোহাগাড়ার কবির সওদাগরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৫০), পেকুয়ার মৃত মীর কাশেম আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী (৪৫), শহরের মোহাজের পাড়ার সাজু বেগম, মকতুল হোসেন, আবদুর রহিম, নুরুল আমিন, ফারুক, আজিজুর রহমান, রোকেয়া বেগম, মো. আবদুর রহিম, রোজিনা আকতার, মোজাফ্ফর আহমদ, লাল মোহাম্মদ, কতু মিয়া, নেছার উল্লাহ, ছখিনা, মফিজ উল্লাহ, জুহুরা বেগম, শহীদুল ইসলাম, হোসনেয়ারা, আনিসুর রহমান, মুফিজুর রহমান, আবদুল্লাহ, আয়েশা আকতার, মোর্শেদুল আলম, আবুল হোসেন, আমান উল্লাহ, ছালেহা বেগম, আবদুল কাদের ও এনামুল হক।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
