নির্বাচনে কালো টাকার প্রভাব কমানো কঠিন: সিইসি
নির্বাচনে কালো টাকার প্রভাব কমানোর কাজটি একটু কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।
রোববার খুলনায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “কালো টাকার ব্যবহার একেবারে কমিয়ে আনার জন্য চেষ্টা করছি। কিন্তু কাজটি একটু কঠিন। তারপরও কালো টাকার ব্যবহারমুক্ত স্বচ্ছ নির্বাচন কমিশন করতে চায়।”
এ জন্য খুলনায় নির্বাহী ম্যাজিস্টেটদের ১৫টি টিম সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করছে বলেও জানান সিইসি।
‘নির্বাচন কার অধীনে, তা ঠিক করবে রাজনীতিকরা’
এর একদিন পর রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী-ভোটার-সাংবাদিক-সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় কাজী রকিব উদ্দিন আহমদ এসব কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সিইসি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে সবাইকে নির্বাচনী আইন এবং আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
“সন্ত্রাসী বা বহিরাগতরা এসে যেন সমস্যা করতে না পারে তারজন্য পদক্ষেপ নেয়া হয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। আচরণবিধি লঙ্ঘনকারীকে কোনো ছাড় দেয়া হবে না। ভোট গণনার সময় এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
ফেইসবুকে প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে সিইসি বলেন, “ফেইসবুক আমাদের জন্য একটি নতুন উৎপাত। ফেইসবুকে অপপ্রচার নিয়ে কমিশনের কোনো নীতিমালা নেই। তবে দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে।”
মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল বলে মন্তব্য করেন।
বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, তারা প্রশাসনে রদবদল করার দাবি জানিয়েছিলেন। কিন্তু শুধু পাঁচটি থানার ওসি রদবদল করা হয়েছে।
তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার জন্য আবারো দাবি জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কোনো সুরাহা হয়নি।
জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, বৈধ অস্ত্র জমা নেয়া হয়েছে। কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. গাউস, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সফিকুর রহমান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, র্যাব-৬ খুলনার পরিচালক লোকমান হাকিম, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী শেখ হারুনুর রশীদ, মনিরুজ্জামান মনির নির্বাচনী এজেন্ট এস এম শফিকুল আলম মনা, শামসুজ্জামান মিয়া স্বপন, আবু আরিফ টিটো, আজমল হোসেন, হাফিজুর রহমান, শাহিদা বেগম, মোতালেব মিয়া, হুমায়ূন কবীর প্রমুখ।
