পুলিশের গুলিতে ‘গাড়ি ছিনতাইকারী’ নিহত
রাজধানীর রমনা এলাকায় সড়ক ভবনের সামনে কথিত গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্যদের সঙ্গে গোয়েন্দা পুলিশের গোলাগুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে।
পুলিশ বলছে, ‘ছিনতাইকারীদের’ ব্যবহৃত একটি গাড়ি থেকে চাপাতি, পিস্তল ও তিনটি ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে তারা।
গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে রমনা থানার পরির্দশক (তদন্ত) মশিউর রহমান জানান, ওই চক্রটি একটি সাদা গাড়িতে করে প্রায়ই রাজধানীতে ছিনতাই করে- এমন খবরের ভিত্তিতে শনিবার রাত ২টার পর অভিযান চালানো হয়।
“গোয়েন্দা পুলিশের একটি দল ছিনতাইকারীদের গাড়িটিকে তাড়া করলে সড়ক ভবনের সামনে এসে তারা পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করে। এরপর পুলিশও পাল্টা গুলি চালায়।”
মশিউর রহমান জানান, গোলাগুলির এক পর্যায়ে ওই গাড়ির তিন আরোহীর মধ্যে দুজন নেমে পালিয়ে যায়। আর গাড়ির ভেতরে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ওই যুবককে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
