রাজশাহীর যুবলীগ নেতা খুনের প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীর যুবলীগ নেতা সারোয়ার হোসেন ডাবলু হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
হত্যাকাণ্ডের ১৫ দিন পর শুক্রবার রাতে ট্রেনে অনুসরণ চালিয়ে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
মাহফুজের সঙ্গে তার পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মঞ্জুর মোর্শেদ।
এরা হলেন- আসাদ আলী টনি, রিমন হোসেন, মো. রাজিব, মো. রনি ও আমীর সোহেল।
এএসপি মঞ্জুর বলেন, ডাবলু হত্যাকাণ্ডে জড়িত মাজফুজ ও তার সঙ্গীরা আত্মগোপনের জন্য পদ্মা সিটি ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকা আসছে বলে গোপন সূত্রে খবর আসে।
এ খবর পেয়ে র্যাবের একটি দল সাদা পোশাকে জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেনটিতে উঠে মাহফুজকে খোঁজা শুরু করে।
মাহফুজ চুল কেটে ফেলায় তাকে সনাক্ত করতে সমস্যা হয়েছিলো বলে জানান র্যাব কর্মকর্তা মঞ্জুর।
“পরে তার সঙ্গে থাকা সঙ্গীদের গতিবিধি লক্ষ্য করা হয় এবং রাতে ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে মাহফুজ ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়।”
তাদের দেয়া তথ্যানুযায়ী গাজীপুর থেকে রনি, রাজিব ও আমীর সোহেলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
তাদের কাছে ১ লাখ ৭৯ হাজার টাকা পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা মঞ্জুর জানান।
র্যাব জানিয়েছে, রাজশাহীর বিভিন্ন থানায় মাহফুজের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ মে রাজশাহী মহানগর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ডাবলুকে গুলি চালিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
