বাজেট ‘উন্নয়নমুখী ও বিনিয়োগবান্ধব’
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উন্নয়নমুখী ও বিনিয়োগবান্ধব’ বাজেট হিসেবে দেখছেন বস্ত্র ও পোশাক খাতের ব্যবসায়ীরা।
এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় পৃথক সংবাদ বিবৃতিতে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে বস্ত্র খাতের ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ এবং নীট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।
বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান বলেন, “সামাজিক নিরাপত্তা বলয় এবং সুশাসন নিশ্চিতকল্পে সরকারের পজেটিভ মনোভাব উক্ত বাজেট প্রস্তাবনার মধ্য দিয়ে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। এছাড়াও সামাজিক ও রাষ্ট্রীয় অবকাঠামো খাতে এবং শিল্প উন্নয়নে সরকারের উদ্যোগি মনোভাব বিশেষভাবে উল্লেখযোগ্য।”
প্রস্তাবিত বাজটকে স্বাগত জানালেও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত দশমিক ২ শতাংশ এবং রপ্তানি আয় ১৫ শতাংশ বৃদ্ধির আকাঙ্খাকে উচ্চাভিলাষী বলেই মনে করছেন সেলিম।
তবে রপ্তানি ভর্তুকি বাবদ দুই হাজার ৫৯২ কোটি টাকা বরাদ্দ থাকায় তৈরি পোশাকশিল্প খাতকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার তিনশত ৫১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ নীট শিল্পে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দূরীকরণে সহায়তা করবে বলে আশা করেন বিকেএমইএ সভাপতি।
বিনিয়োগের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আরো ব্যবসা-বান্ধব এবং শিল্প সহযোগী নীতিকৌশলের উপর জোর দেন তিনি।
এদিকে পৃথক এক বিবৃতিতে বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন বলেন, “সাধারণ জনগোষ্ঠীকে স্বস্তি দিতে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা দুই লাখ ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এর ফলে করদাতাদের মধ্যে কর প্রদানে উৎসাহ সৃষ্টি হবে।
“শেয়ারবাজার চাঙ্গা করতে বাজেটের প্রস্তাবনায় বিভিন্ন কর প্রণোদনার প্রস্তাব বাজারসংশ্লিষ্টদের উৎসাহিত করবে বলে আমরা মনে করি।”
শিল্পে ব্যবহৃত মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করায় তা ভারী শিল্প স্থাপনে ব্যয় কমানোর মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।
