বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
বাজেট ঘোষণার দিন ৬ হাজার ৪১৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে জাতীয় গ্রিডে, যা এ যাবৎ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসন চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশে ৬ হাজার ৪১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত বছরের ৪ অগাস্ট, ৬ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলেও পিডিবির পূর্বাভাসে ১০১ মেগাওয়াট লোডশেডিং ধরে রাখা হয়েছে।
বতর্মান মহাজোট সরকারের প্রধান অংশীদার আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৩ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে সাত হাজার মেগাওয়াটে।
পিডিবির হিসাবে বর্তমান সরকারের সময় প্রায় ৩৮০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন হলেও চাহিদা ও জোগানের মধ্যে পার্থক্য রয়েই গেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগেই জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যে চাহিদা ও জোগানে সামঞ্জস্য আসবে।
২০০৯ সালের ৬ই জানুয়ারি শপথ নেওয়ার পরই বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে নানামুখী পরিকল্পনা এবং কর্মকাণ্ড শুরু করে।
এরপর শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি। মে পযন্ত ৬৬টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৭৪৯ মেগাওয়াট।
বর্তমান সরকারের সময় ৫৫টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে।
